সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী বলেছেন, ‘চকবাজারের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমাদের শিল্পমন্ত্রী বলেছেন, এখানে কোনো রাসায়নিক দ্রব্যের কারখানা নেই। এখানে প্রসাধনী ও কসমেটিকসের কারখানা রয়েছে। কিন্তু এটা সবারই জানা রয়েছে, প্রসাধনী ও কসমেটিকসে রাসায়নিক দ্রব্যের প্রয়োজন হয়। আমাদের শিল্পমন্ত্রী এটা জানেন না। এই ন্যূনতম ধারণা যাদের নেই, তাকে আমাদের মন্ত্রী বানানো হয়েছে। এসব দায়িত্বজ্ঞানহীন-অপদার্থ মন্ত্রীদের কারণেই আমাদের এমন দুরবস্থার মধ্যে পড়তে হচ্ছে।’ গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
এ অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত সমাবেশে রফিউর রাব্বী বলেন, ‘চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের সেতুমন্ত্রী গিয়ে বললেন, আমরা শিক্ষা নিলাম। কিন্তু কী শিক্ষা নিলেন? নিমতলীর ঘটনায় যিনি শিক্ষা নিতে পারেননি তিনি এখান থেকে কী শিক্ষা নিলেন?’ আমরা এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই। জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির আবদুর রহমান, সাংস্কৃতিক জোটের ভবানী সংকর রায়, ধীমান সাহা জুয়েল প্রমুখ।
