ঢাকার ধামরাইয়ে এক রোমানীয় নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ধামরাইয়ের বারবাড়িয়ার কৃষ্ণপুরা এলাকায় অবস্থিত আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আজিক ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানার ভেতরের গেস্ট হাউজের একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের নাম নিকোলা মিনিয়া (৬০)। তিনি রোমানিয়ার নাগরিক। নিকোলা মিনিয়া জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে আমদানিকৃত মেশিনারিজ দেখভাল করতেন বলে জানিয়ে পুলিশ।
থানা পুলিশ জানায়, আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার ভেতরের গেস্ট হাউজের একটি কক্ষে থাকতেন রোমানিয়ার ওই নাগরিক। প্রতিদিনের মতো শুক্রবার রাতে তিনি ঘুমাতে যান। শনিবার সকালে কারখানায় না আসলে নিরাপত্তা কর্মীরা তাকে ডাকতে যান।
এ সময় তারা কক্ষের ভেতরে বিছানার উপরে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এই ঘটনার সংবাদ সংগ্রহের জন্য কারখানার ভেতরে প্রবেশ করতে চাইলে কারখানা কর্তৃপক্ষ সংবাদকর্মীদের কারখানার ভেতরে ঢুকতে দেয়নি।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
