ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভবিতপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ফরিদা খাতুন (৩৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করার ঘটনায় প্রধান আসামি এনামুল মালিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে অভিযান চালিয়ে ভবিতপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হরিনাকুন্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মামলার প্রধান আসামি এনামুল মালিতা নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে ভবিতপুর গ্রামের এলেম মালিতার স্ত্রী ফরিদা খাতুনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে প্রতিবেশী এনামুল মালিতা, তার ছেলে রাজীব মালিতা ও স্ত্রী লাবনী খাতুন।
এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করা হয়।
