ঢাকার যানজট নিরসনে প্রয়াত মেয়র আনিসুল হকের ‘বাস রুট পুনর্বিন্যাস’ পরিকল্পনা বাস্তবায়ন করতে চান আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।
শনিবার মিরপুর ১ নম্বরে বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
আতিকুল বলেন, ‘যানজট নিয়ে আমাদের প্রয়াত আনিস ভাই ৬টি বাস কোম্পানি নিয়ে একটা কাজ করে গেছেন। এটি নিয়ে আমাকে গভীরে যেতে হবে। কোন জায়গায় কাজটি আটকে আছে। কোন জায়গায় ফাইলটি পড়ে আছে। কোন জায়গায় মিটিং করতে হবে। সেগুলো দেখতে হবে।’
তিনি বলেন, ‘যানজট থেকে অবশ্যই উদ্ধার করতেই হবে ঢাকাকে। সমস্ত সংস্থাগুলোকে নিয়ে একসঙ্গে কাজ করতে পারলে এটা দূর করা সম্ভব। এটিকে সহনীয় পর্যায়ে আনতে হলে আমাদেরকে একত্রে কাজ করতে হবে।’
সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়াত মেয়র আনিসুল হকের ‘বাস রুট পুনর্বিন্যাস’ পরিকল্পনাতে ছিল- ঢাকায় রুটের সংখ্যা কমিয়ে ২২টি করা এবং ২৪৬টি কোম্পানিকে নিয়ে ছয়টি কোম্পানি গঠন করা। প্রতিটি কোম্পানির বাসের রঙ হবে ভিন্ন। পুরোনো বাসের বদলে ঢাকায় নামানো হবে চার হাজার নতুন বাস। এ পদ্ধতিতে একটি রুটে একটি কোম্পানির বাস চলবে। কোম্পানির অধীনে চলা বাসগুলো সমানভাবে মুনাফা পাবে। নির্ধারিত সময় অন্তর বাস আসবে। যাত্রী পেতে রেষারেষি থাকবে না, প্রতিযোগিতাও থাকবে না। মোড় 'দখল' করে যাত্রী তোলার প্রবণতা দূর হলে যানজটও কমবে। ২০১৭ সালের এই উদ্যোগ পরে আর আলোর মুখ দেখেনি।
