আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) বর্জন করতে আহবান জানিয়েছেন লেখক ও বুদ্ধিজীবী অরুন্ধতি রায়। ক্ষমতাসীন বিজেপি ভারতের সকল ধরনের প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য দায়ী করেন তিনি।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, তামিলনাডুতে এক কনফারেন্সে নারী সংগঠক অরুন্ধতি বলেন, “দেশের মানুষের অনেক স্বপ্ন দেখে তবে এসব পূরণের জন্য তাদেরকে আগে বিজেপিকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে হবে আগামী নির্বাচনে।”
তিনি বলেন, “বিজেপির মতো ফ্যাসিস্ট দল শুধু রাজনীতিকেই কলুষিত করেনি, দেশের সব প্রতিষ্ঠানেও এরা ঢুকে পড়েছে। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর স্পষ্ট হইয়ে গেছে যে, বর্ণবাদ এবং কর্পোরেটিজম এক হয়ে গেছে।”
তিনি বলেন, “পুঁজিপতিরাই এখন রাজনীতি নিয়ন্ত্রণ করছে, তারাই বর্ণবাদ সৃষ্টি করছে। তারা ভূমি, খনি, তেল, বাঁধ, মিডিয়া এমন কি তথ্যও, সবকিছু দখল করে নিয়েছে।”
অরুন্ধতি বলেন, “একসময় কমিউনিস্টদের লড়াই ছিল পুঁজিবাদের বিরুদ্ধে, সংখ্যালঘুদের লড়াই সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে, শোষিতদের লড়াই ছিল শোষকদের বিরুদ্ধে। এইসব বিচ্ছিন্ন লড়াই এখন এক জায়গায় হয়ে গেছে, এজন্য মোদিকে অবশ্যই ধন্যবাদ দেওয়া যায়।”
