ঝড়ে লবণ রক্ষা করতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৮ পিএম

প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজারের মহেশখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় বজ্রপাতে হোয়ানক ইউনিয়নের মইগ্যা ঘোনা এলাকায় মো. রাজিব (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত রাজিব কেরুনতলী গ্রামের মফিজুল আলমের ছেলে।

নিহত কিশোর রাজিবের বাবা মফিজুল আলম জানান, বৃষ্টি ও বাতাস শুরু হলে তার ছেলে লবণ মাঠে জমাকৃত লবণ রক্ষা করতে গিয়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান।

এছাড়াও সকাল সাড়ে ৮টার দিকে প্রচণ্ড কালবৈশাখী ও মৌসুমী বায়ু প্রায় ২০ মিনিটের মধ্যে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া, রাজুয়ার ঘোনা ও মাঝের পাড়ার কাঁচা ঘর বাড়ী, পানের বরজ, মুরগির খামার, গাছপালা, মাহফিলের প্যান্ডেলসহ লবণ চাষিদের ব্যাপক ক্ষতি হয় যা কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বড়ছড়া গ্রামের পান চাষি আব্দুল মালেক, শামশুল আলম, মো. শরিফসহ অনেকের পানের বরজ মাটিতে পড়ে গেছে।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বজ্রপাতে এক কিশোর নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত