স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও মুক্তিযুদ্ধের সময় গঠিত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্তদের মুক্তিযোদ্ধা ঘোষণার সুপারিশ করেছে সংসদীয় একটি কমিটি। ১৯৫ জন শিল্পী ও ১৩৯ জন কর্মচারীসহ ৩৩৪ জনকে নতুনভাবে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করার সুপারিশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে।
গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাজাহান খান। বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বীর উত্তম রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
