তালাবদ্ধ ঘরে পুড়ে মরল গৃহকর্মী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:১১ এএম

গৃহকর্মীকে ঘরের ভেতরে রেখে তালা মেরে বাইরে যান গৃহকর্তা ও তার স্ত্রী। এ অবস্থায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে দগ্ধ হয়ে মারা যান লিজা আক্তার (১৯)। তিনি রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের ৫ নম্বর রোডের ১৮৬ নম্বর জোহরা গার্ডেন নামক ছয়তলা বাড়ির চারতলায় গৃহকর্মীর কাজ করতেন। ওই বাসার মালিক ফয়সাল আহমেদ ও তার স্ত্রী লুবা দুজনই চাকরিজীবী।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নাজমা আক্তার দেশ রূপান্তরকে বলেন, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুরের দক্ষিণ বিশিলে ফয়সালের ছয়তলা বাড়ির চারতলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে আহত অবস্থায় লিজাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দারুস সালাম থানার এসআই মো. ইসরাইল জানান, বাড়ির লোকজন লিজাকে ভেতরে রেখে দরজায় তালা দিয়ে বাইরে যায়। এরপর এসি থেকে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভেতর আটকা থাকা গৃহকর্মী দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান। নিহত লিজা বরগুনার আমতলী উপজেলার নজরুল ইসলামের মেয়ে। লিজাকে উদ্ধার করা অগ্নিনির্বাপক কর্মী জুয়েল হোসেন জানান, কক্ষটি বাইরে থেকে তালা দেওয়া থাকায় ওই তরুণী বের হতে পারেননি। তালাবদ্ধ বাসায় তরুণীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছেন এলাকার মানুষ। দক্ষিণ বিশিলের বাসিন্দা সোহরাব বলেন, ‘একজন মানুষকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখা অত্যন্ত অমানবিক। এ ঘটনায় বাসার মালিকের শাস্তি হওয়া দরকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত