নেপালে হেলিকপ্টার দুর্ঘটনায় মন্ত্রীসহ নিহত ৭

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২০ পিএম

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পর্যটনমন্ত্রীর সঙ্গে মোট সাতজন মারা গেছেন।

নেপালের গণমাধ্যম জানিয়েছে, ‍বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মন্ত্রী রবীন্দ্র অধিকারীর সঙ্গে ছিলেন পর্যটন উদ্যোক্তা আং টিশিরিং, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব যুবরাজ ডাহাল, সিভিল অ্যাভিয়েশন অথোরিটির মহাপরিচালক বীরেন্দ্র শ্রেষ্ঠ এবং ইঞ্জিনিয়ার ধ্রুব দাস, কপ্টারের পাইলট এবং নিরাপত্তাকর্মী অর্জুন ঘিমির। সবাই নিহত হয়েছেন।

পর্যটন মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, তেরথুম জেলার চুয়ান দন্দ এলাকার মন্দির থেকে ফিরছিলেন মন্ত্রী। নির্মাণাধীন একটি বিমানবন্দর পরিদর্শন করতে গিয়েছিলেন তিনি।

বিরূপ আবহাওয়ার কারণে নিহতদের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সেনাবাহিনী চেষ্টা চালাচ্ছে।

দুর্ঘটনার পর নেপালের প্রধানমন্ত্রী জরুরি বৈঠক ডেকেছেন। তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত