আটকের পরদিন বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৮ এএম

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেলাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার আবুল বাশারের ছেলে।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী জানান, গত ২৭ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে তল্লাশির সময় বেলাল হোসেনকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি মতে বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বেড়িবাঁধ ৩নং স্লুইসগেট এলাকা দিয়ে একটি মাদকের চালান আসার খবরে আটক বেলালকে নিয়ে অভিযানে যায় বিজিবির একটি দল।

এ সময় বিজিবির দলটি ওই এলাকার পৌঁছার সঙ্গে সঙ্গে ওৎপেতে থাকা তার সহযোগীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে উভয় পক্ষের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি হয়। পরে ইয়াবা কারবারিরা পিছু হটে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বেলাল হোসেনকে পাওয়া যায়।

তাকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ৭ হাজার পিস ইয়াবা ও দুইটি লম্বা কিরিচ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, 'বিজিবির মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যদের সহযোগিতায় গুলিবিদ্ধ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে নিহতের পকেটে থাকা কাগজপত্রের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত