'ট্যাক্স দেই না? পুড়ে মরব কেন?'

আপডেট : ০১ মার্চ ২০১৯, ০৯:৩৭ পিএম

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে 'কৈফিয়ত চাওয়া জনগণ'। এ ব্যানারে বেশ কিছু তরুণ ও স্থানীয়রা শুক্রবার ঘটনাস্থলে প্রতিবাদ জানায়।
তারে ব্যানারে লেখ ছিল 'ট্যাক্স দেই না? পুড়ে মরবো কেন?' 
এ ব্যানারে একদল তরুণ নিমতলী থেকে চকবাজার পর্যন্ত প্রতিবাদ যাত্রার আয়োজন করে। তারা চুড়িহাট্টায় একটি সমাবেশেরও আয়োজন করে। 
জানা গেছে 'ট্যাক্স দেই না? পুড়ে মরব কেন?' নামে একটি ফেসবুক পেজ আছে। সেখানে শুক্রবারের কর্মসূচি আয়োজনের আহ্বান জানানো হয়। 
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কয়েকটি বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা এর আয়োজক বলে জানা গেছে। 
তাদের ফেসবুক ইভেন্ট পেজে লেখা ছিল, 'আমাদের ট্যাক্সের টাকায় লক্ষ কোটি টাকার বাজেট হয়, বড় বড় মেগা প্রজেক্ট হয়, যেগুলো দেখিয়ে চলে উন্নয়নের গালগল্প। তো এই উন্নয়নের মধ্যে আমি কিংবা আপনি কোথায়? আমাদের কেন পুড়ে মরতে হয়? কেন বাসের চাকায় পিষ্ট হতে হয়? কেন পানিতে ডুবে মরতে হয়? কেন ভবন চাপায় মরতে হয়? আমরা এত এত ট্যাক্স-ভ্যাট দেই কি এভাবে মরার জন্য?'
কর্মসূচীর কথা উল্লেখ করে তারা ওই পেজে আরো জানায়, 'নিমতলী থেকে চকবাজার আমরা প্রতিবাদ যাত্রা করবো। দুপুর সাড়ে তিনটায় জমায়েত হব নিমতলীতে ২০১০ সালের অগ্নিকান্ডে যারা মারা গিয়েছিলেন তাদের স্মৃতিতে নির্মিত স্মৃতিস্তম্ভের নিচে। সেখান থেকে শুরু করে চানখারপুল, জেলখানা হয়ে আমরা চকবাজার যাব। পথে পথে পথসভা হবে। তবে এই সব পথসভায় আমরা মূলত ঐ এলাকায় যারা থাকেন তাদের আহ্বান জানাবো আমাদের মাইকে তাদের দাবীদাওয়া, অনুভুতিগুলো তুলে ধরতে। আমরা প্রতিবাদ যাত্রা নিয়ে যাব। তবে আমরা মূলত শুনব। মানুষ বলবে।' 
২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের অগ্নিকাণ্ডে ৭০ জনের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত