নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের বিচার না পেয়ে বিষপানে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক আলাউদ্দিনকে দায়ী করেছে ভুক্তভোগীর পরিবার।
পরিবার জানায়, শনিবার সকালে বিষপান করায় নির্যাতিতা ওই গৃহবধূকে দুপুরের দিকে হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার আলাউদ্দিন ঘরে ঢুকে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এর মধ্যে তার স্বামী বাড়িতে ঢুকে পড়লে স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে আলাউদ্দিনকে আটক করে।
একপর্যায়ে পার্শ্ববর্তী ওয়ার্ডের নুরু মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ রাতেই ধর্ষককে মারধর করে এবং ৬০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেয়।
পরবর্তীতে সকালে নির্যাতনের শিকার গৃহবধূ বিষ পান করলে তাকে পরিবারের লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযোগ রয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ওই গৃহবধূর স্বামী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর আনারস প্রতীকের পক্ষে ভোট করাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক আলাউদ্দিন এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে চরজব্বার থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, বিষয়টি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
হাসপাতালের আবাসিক চিকিৎসক দেশ রূপান্তরকে জানান, শনিবার দুপুরে সুবর্ণচরের গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
