মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান

গাজীপুরে গ্রেপ্তার ৯৫০, তিন কোটি টাকার মাদক জব্দ

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০১:৫২ এএম

এক সপ্তাহের মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে সাড়ে নয়শ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। একই সঙ্গে প্রায় তিন কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার ড. মো. রুহুল আমিন সরকার এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি থেকে নগরের ৮টি থানার বিভিন্ন স্থানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চলে। এতে ২৫৩ ছিনতাইকারী, ১৪ মানবপাচারকারী, ৪ জন ভুয়া ডিবি পুলিশ, ৫ জন ভুয়া ম্যাজিস্ট্রেট, ৫ জন গরুচোরকে গ্রেফতার করা হয়।’ এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩১ জনকে সাজা দেওয়া হয়েছে। অসামাজিক কাজের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ২৩৬ জনকে। একই সঙ্গে ধরা হয় পরোয়ানাভুক্ত অনেক আসামিকে।

এ কর্মকর্তা জানান, অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের হেরোইন, ৮ লাখ টাকার ইয়াবা, ৮ কেজি গাঁজা, ২ হাজার ৫০ বোতল ফেনসিডিল, চোলাই মদ, বিয়ারসহ প্রায় তিন কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মহানগর পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ গঠনের পরপরই আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।’ এ ব্যাপারে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত