ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শেখ বোরহান উদ্দিনের মনোনয়ন ফরম ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সোমবার দুপুর একটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে। এর ফলে নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে তার।
আর ছিনতাইয়ের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম ভূঁইয়ার লোকজনকে দায়ী করেছেন আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন।
শেখ বোরহান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি কসবা-আখাউড়া দুইবারের সাবেক সাংসদ অ্যাডভোকেট শাহ আলমের অনুসারী।
তিনি সাংবাদিকদের জানান, আমি অসুস্থ থাকার কারণে আমার পক্ষে মোগড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হামিদ মোল্লাকে মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য পাঠাই। সেখানে সরকারি দলের লোকজন আমার মনোনয়ন ফরম ছিনতাই করে নিয়ে যায়।
মুক্তিযোদ্ধা হামিদ মোল্লা জানান, আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন ফরম জমা দেওয়ার কারণে আমরা ইউএনও'র পাশের রুমে বসেছিলাম। আমার সঙ্গে থাকে শেখ সানির কাছে মনোনয়ন ফরমের প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাগটি দিয়ে আমি টয়লেটে গিয়েছিলাম। এ সময় যুবলীগ নেতা জাহিদসহ আরও কয়েকজন সানিকে মারধর করে ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
তবে আওয়ামী লীগ প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবুল কাসেম ভূঁইয়া বলেন, আমার কোনো সমর্থক এ ঘটনা ঘটায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুজ্জামান বলেন, আমি ঘটনাটি শুনেছি। ইতিমধ্যে পুলিশ মনোনয়ন ফরমটি উদ্ধার করার জন্য বেরিয়ে পড়েছে। তবে আমি দেখিনি তারা ফরম নিয়ে এসেছিলেন কিনা।
