ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানালেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া বিশ্বকাপের পরই ওয়ানডেকে বিদায় জানাবেন এই ৩৯ বছর বয়সী।
সোমবার অবসর ভারবান কথা জানিয়ে তাহির বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুযোগ করে দিতেই সরে যেতে চান তিনি। তবে ওয়ানডে ছাড়লেও টি-টোয়েন্টি খেলে যাবেন তাহির। খেলতে চান ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
২০১৯ বিশ্বকাপ তাহিরের জন্য হতে যাচ্ছে তৃতীয় বিশ্বকাপ। ২০১১ সালে বিশ্বকাপের মঞ্চেই তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এরপর এখন পর্যন্ত ৯৫ ওয়ানডে খেলে নিয়েছেন ১৫৬ উইকেট। ৩৭ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৬২ উইকেট। ২০ টেস্টে তার সংগ্রহ ৫৭ উইকেট। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত খেললেও তাহির সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৫ সালে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাহিরের চুক্তি শেষ হচ্ছে ৩১ জুলাই। তাহির বলেন, ‘‘আমি সব সময় বিশ্বকাপ খেলতে চেয়েছি। দারুণ একটা দলের সঙ্গে খেলতে পারাটা আমার অন্যতম সেরা অর্জন। আমি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমঝোতায় পৌঁছেছি এবং সিদ্ধান্ত নিয়েছি বিশ্বকাপেই শেষ করব। এ জন্যই আমি সে পর্যন্ত চুক্তিবদ্ধ।’’
তাহির আরো বলেন, ‘‘এরপর ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমাকে বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগে খেলতে অনুমতি দেবে। তবে আমি দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি খেলতে পছন্দ করি। আমি মনে করি আমার সামর্থ্য আছে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে অবদান রাখার।’’
