সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এক গ্রামে বাড়ির সবাই যখন রাতের খাবার খেতে ব্যস্ত তখন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। ওই স্কুলছাত্রীর নাম রাশিদা আক্তার (১৫)।
উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বিখারগাও গ্রামে সোমবার রাত ১১ টায় এই ঘটনা ঘটে। রাশিদা আক্তার স্থানীয় রাশিদ আলী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং বিখারগাও গ্রামের আমজাদ আলী মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বাড়ির সবাই যখন রাতের খাবার খেতে ব্যস্ত ছিল তখন ঘরের সিলিংয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে রাশিদা আক্তার। পরে আত্মীয়স্বজনরা ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখে তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
