সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কয়েকদিনের মধ্যে বাইপাস সার্জারি করা হবে।
সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক আবু নাসার রিজভী মঙ্গলবার এক ভিডিও বার্তায় বাসসকে একথা জানান।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ হাসপাতালে ব্রিফকালে এ কথা জানান।
ডা. রিজভী বলেন, মেডিকেল বোর্ড জানিয়েছে তার শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। তারা ওবায়দুল কাদেরের কিডনিতে সমস্যা ও ইনফেকশন পেয়েছে। এ সমস্যাগুলো নিয়ন্ত্রণ করার পরে কয়েকদিনের মধ্যে তার বাইপাস সার্জারি করা হবে।
এসময় ওবায়দুল কাদেরের সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদেরের চিকিৎসায় জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড করা হয়। সেখানে ছিলেন কার্ডিওলজিস্ট ডা. ফিলিপ কোহ, ডা. শ্রীবাস্তব কুমার, অশোক কুমার, কিডনি বিশেষজ্ঞ ডা. হু চি কো এবং সং কি মিন।
হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছায়।
ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুর গেছেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের ও বিএসএমএমইউ নিউরোলজিস্ট অধ্যাপক আবু নাসের রিজভী।
