বালাকোট হামলায় নিহতের সংখ্যা এড়িয়ে গেলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৭:৫৫ পিএম

পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলায় নিহতের সংখ্যা কত, সে বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।

এ বিষয়ে পররাষ্ট্র সচিবের দেওয়া সংখ্যার সঙ্গে তিনি একমত বলেও জানান।

মজার বিষয়- ওই অভিযানে নিহতের কোনো নির্দিষ্ট সংখ্যা না দিয়ে পররাষ্ট্র সচিব তখন বলেছিলেন, ‘বিপুল সংখ্যক’ জইশ সদস্য নিহত হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘সচিব যা এ বিষয়ে যা জানিয়েছেন, সেটাই সরকারের বক্তব্য।’

গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে বিমান হামলা চালানো হয়। সেদিনই পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় বিমানবাহিনীর অভিযানে ‘বিপুল সংখ্যক’ জইশ যোদ্ধা, কমান্ডার ও আত্মঘাতী ‘সন্ত্রাসী’র মৃত্যু হয়েছে। কিন্তু এতে নিহতের সংখ্যা কত ছিল, তা নিয়ে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। প্রতিরক্ষামন্ত্রী  নির্মলারও তাতেই সম্মতি দিলেন।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদের ভয়াবহ হামলায় নিহত কমপক্ষে ৪৯ জন সিআরপিএফ সদস্য। এ ঘটনার  ১২ দিনের মাথায় বালাকোটে হামলা চালায় ভারত।

এরপরই কথিত সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ওই অভিযানে মৃত্যু হয়েছে অন্তত ৩৫০ জন জইশ সদস্যের।

তবে পাকিস্তানের দাবি ছিল, একটি মাদ্রাসার পাশের জঙ্গলে ওই হামলায় কেবল স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছেন। কূটনীতিক ও সাংবাদিকদের ঘটনাস্থল পরিদর্শনেরও আহ্বান জানায় তারা।

রয়টার্স, বিবিসি ও আলজাজিরার আলাদা বিশেষ প্রতিবেদনেও হামলার বিষয়ে অনেকটা এমনই বলা হয়েছে। তারা এনিয়ে স্থানীয়দের বক্তব্য প্রকাশ করে।

সম্প্রতি ওই হামলার হতাহত নিয়ে হাটে হাঁড়ি ভাঙেন নরেন্দ্র মোদি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী এবং দার্জিলিংয়ের বিজেপি আইনপ্রণেতা সুরিন্দর সিং অহলুওয়ালিয়া।

তাকে উদ্ধৃত করে এনডিটিভি জানায়, পাকিস্তানের বিমান হামলার উদ্দেশ্য ছিল ইসলামাবাদকে ভয় দেখানো। ভারত যে পাকিস্তানি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে সেটা বোঝাতেই চালানো হয়েছিল হামলা।

ভারতের কেন্দ্রীয় এই মন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা অন্য কোনো সরকারি কর্মকর্তা বলেননি হামলায় কতজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বলেছে মিডিয়া।

সুরিন্দর সিং বলেন, মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের সংখ্যা নিয়ে এমন তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে যার কোনো নিশ্চিত সূত্র নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত