আগের রাতে ব্যালট বাক্স ভরা মেনে নেওয়া হবে না: ইসি শাহাদাত

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০১:২৬ পিএম

নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই কোনো নির্বাচনে পূর্বরাত্রে ভোট বাক্সে ব্যালট ভরে দেওয়া কিংবা ভোটের দিন কোনো রকমের অনিয়ম, ভোটের পরে ভোট গণনার সময় অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বুধবার সুনামগঞ্জে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি শাহাদাত হোসেন বলেন, “অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্যই নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত। কোনো কারণে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তার সমস্ত দায়-দায়িত্ব নির্বাচন কমিশনে পড়ে।”

তিনি বলেন, “বাংলাদেশ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু, আইনানুগ নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করতে চায়। এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ধরনের শৈথিল্য, কোনো ধরনের পক্ষপাতিত্ব মেনে নিতে প্রস্তুত নয়।

তিনি এ সময় আচরণবিধি ব্যাপারে স্ব স্ব কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত