পাটের উৎপাদন বৃদ্ধি এবং পাট ও পাটপণ্যের রপ্তানির জন্য উদ্দীপক সুবিধা (ইনসেনটিভ) প্রদানের কথা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে পাট শিল্প টেকসই করতে এ খাত লাভজনক করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার জাতীয় পাট দিবস-২০১৯ এবং বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, “পাট এমন একটি পণ্য যার কিছুই ফেলনা নয়, অতএব কেন এতে লোকসান হবে? আমি কোনো লোকসানের কথা শুনতে চাই না বরং পাটশিল্প কিভাবে লাভজনক হতে সেদিকে মনোযোগ দিতে হবে।”
শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি, নতুন পণ্যের উদ্ভাবনার মাধ্যমে আমরা এই খাতকে লাভজনক করতে পারব। যারা হতাশাপূর্ণ আমি তাদের মধ্যে নেই, আমি সর্বদা আশাবাদী।’
তিনি বলেন, তার সরকার দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে অন্যান্য খাতে উদ্দীপক সুবিধা দিচ্ছে। পাট খাতের সঙ্গে সংশ্লিষ্টদের এই সুবিধা দেওয়া হবে, যাতে তারা আরও বেশি পাটপণ্য রপ্তানি করতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, ‘অন্যান্য রপ্তানিমুখী পণ্য যে ইনসেনটিভ পাচ্ছে, পাটপণ্যের ক্ষেত্রেও অনুরূপ ইনসেনটিভ দেওয়া হবে।’
আজ দেশ্যব্যাপী পাট দিবস পালিত হচ্ছে। এবারের পাট দিবসের স্লোগান হচ্ছে- ‘সোনালী আঁশের সোনালী দেশ, জাতির পিতার বাংলাদেশ।’
