ডাকসু নির্বাচন

ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৯:০৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণা লিফলেট, স্টিকার কেড়ে নেওয়া ও ছাত্রদলের এক প্রার্থীকে মারধরে করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২ টার দিকে বিজয় একাত্তর হলের গেটে একই হল সংসদের ছাত্রদলের জিএস প্রার্থী বজলুর রহমান বিজয় কে ডেকে জিজ্ঞাসাবাদ করে এই হলের ছাত্রলীগ প্যানেলের জিএস প্রার্থী নাজমুল হাসান নিশান। এই সময় নিশানের কয়েকজন অনুসারী ছাত্রদলের জিএস প্রার্থীকে কোনো ধরনের প্রচারণা না চালানোর জন্য বলে এবং প্রচারণার স্টিকার, লিফলেট কেড়ে নেয়। এ সময় বিজয়কে চড় থাপ্পড় দেওয়া হয় বলেও তারা জানান।

জানতে চাইলে বজলুর রহমান বিজয় দেশ রূপান্তরকে বলেন, আমি বিজয় একাত্তর হলে দুপুরের দিকে গেলে ছাত্রলীগের জিএস প্রার্থী নিশান আমার গায়ে হাত তুলে। আমার হাত থেকে প্রচারণার লিফলেট,স্টিকার কেড়ে নেয়। জুনিয়রদের ডেকে বলে এগুলো আগুনে পুড়িয়ে দিতে।

আমি সাথে সাথে হল রিটার্নিং অফিসারকে বিষয়টি জানাই। লিখিত অভিযোগও দিই। তিনি এর বিচার করার আশ্বাস দেন। 

জানতে চাইলে হল রিটার্নিং অফিসার ড. শাহ মোহাম্মদ মিরান দেশ রূপান্তরকে বলেন, ছাত্রদলের একটা প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা অস্বীকার করেছে। তবুও আমরা তাকে মৌখিকভাবে সতর্ক করেছি। 

অভিযুক্ত ছাত্রলীগ নেতা নাজমুল হাসান নিশান এর মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত