হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি স্ক্যানিং মেশিনে শনাক্ত না হওয়ায় ঘটনায় এক নিরাপত্তা কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করতে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বেবিচক।
সাময়িক বরখাস্ত হওয়া ওই নিরাপত্তা কর্মীর নাম ফজলার রহমান।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) শাহ মো. ইমদাদুল হক দেশ রূপান্তরকে বলেন, গত মঙ্গলবার দুপুরে নভো এয়ার লাইন্সের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম যেতে শাহজালালের অভ্যন্তরীন টার্মিনালে আসেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দুই ধাপে যাত্রীদের ল্যাগেজ ও শরীর তল্লাশী করা হয়। প্রথম ধাপই চূড়ান্ত নয়। নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে বলেই ইলিয়াস কাঞ্জনের অস্ত্রটি শনাক্ত করা গেছে। কিন্তু অভিযোগ উঠেছে- প্রথম ধাপে স্ক্যানিং মেশিনে তা শনাক্ত হয়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের জানান, প্রথম পর্যায়ে স্ক্যানিং মেশিনে হ্যান্ড লাগেজে থাকা ৯ এমএম পিস্তল ও ১০ রাউন্ড গুলি শনাক্ত করতে পারেনি। নভোএয়ার এয়ার লাইন্সের বুকিং কাউন্টারে গিয়ে অস্ত্রের বিষয়ে অবহিত করি। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে আমাকে জেরা করেন। পরে লিখিত দিয়ে অস্ত্র নিয়ে চট্রগ্রাম চলে যাই।
