কুইন্টন ডি ককের অনবদ্য ইনিংস ও ফাফ দু প্লেসির অর্ধশতকের পরও বড় পুঁজি পায়নি দক্ষিণ আফ্রিকা। তাতে কী। দারুণ বোলিংয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঠিকই শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিক দল।
সেঞ্চুরিয়নে বুধবার রাতে লঙ্কানদের ১১৩ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ২৫২ রানের জবাবে মাত্র ১৩৮ রানে গুঁড়িয়ে যায় শ্রীলঙ্কা। এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
সুপার স্পোর্ট পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারের ২৯ বল বাকি থাকতেই ২৫১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে দলকে দারুণ একটি শুরু এনে দেন ডি কক ও রিজা হেনড্রিকস। ৯১ রানের এই জুটিতে ফাটল ধরান লাসিথ মালিঙ্কা।
দলীয় ১৩১ রানে দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। থিসারা পেরেরার বলে সেঞ্চুরি থেকে চার রান দূরে থেকে উইকেট ছাড়া হন ডি কক। ৭০ বলে খেলা তার ৯৪ রানের ইনিংসটিতে রয়েছে ১৭টি চার ও একটি ছক্কা। ৬৬ বলে ৫৭ রান করে উইকেট ছাড়া হন অধিনায়ক দু প্লেসি। বাকিদের মধ্যে উইয়ান মুলডার (১৭) ও ডেভিড মিলার (২৫) ছাড়া বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ২৬ রানে তিন উইকেট নেন পেরেরা। দুটি করে উইকেট নেন মালিঙ্গা ও ধনাঞ্জয়া ডি সিলভা।
জবাবে শুরু থেকেই খেই হারায় শ্রীলঙ্কা। দলীয় ৫২ রানে টপ-অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় তারা। মিডল অর্ডারে ওসাদা ফের্নান্দো (৩১), কুশল মেন্ডিস (২৪), ধনাঞ্জয়া (১৫) ও পেরেরা (২৩) থিতু হয়ে ফিরলেও বড় ইনিংস খেলতে পারেননি। দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি ছয় ব্যাটার। মাত্র ৩২.২ ওভারেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল কাগিসো রাবাদা। নয় ওভারে ৪৩ রানে তিন উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন এনগিদি, অ্যাররিচ নর্টজে ও ইমরান তাহির।
ম্যাচ সেরা দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক।
দল দুটির মধ্যকার সিরিজের তৃতীয় ওয়ানডে হবে ১০ মার্চ, ডারবানে।
