নভোচারী রাকেশ শর্মার বায়োপিক ‘সারে জাহাঁ সে আচ্ছা’য় অভিনয়ের প্রস্তাবে প্রথমে সাড়া দিয়েও সরে দাঁড়ান আমির খান। এর পর অনেক সময় গড়ালেও নতুন সিনেমার ঘোষণা দেননি মিস্টার পারফেকশনিস্ট। সাম্প্রতিক কিছু প্রতিবেদন বলছে, হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেকে অভিনয় করতে চলেছেন আমির।
বেশ আগেই গুঞ্জন উঠেছিল প্যারামাউন্ট পিকচার্স থেকে প্রশংসিত সিনেমাটির স্বত্ব কিনে নিয়েছেন তিনি। ফিল্মফেয়ারের প্রতিবেদনে জানা যায়, সিনেমাটি করার জন্য এ নায়ক প্রস্তুত। শিগগিরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
১৯৯৪ সালে মুক্তি পায় ক্ল্যাসিক সিনেমা ‘ফরেস্ট গাম্প’। রবার্ট জেমেকিসের পরিচালনায় অভিনয় করেন টম হ্যাঙ্কস।
এর আগে কয়েক দফায় শোনা গিয়েছিল ‘মহাভারত’ অথবা ‘ওশো’ বায়োপিকের যেকোনো একটি বেছে নেবেন আমির খান। এর বদলে ‘ফরেস্ট গাম্প’ বেছে নেওয়া এ নায়কের ভক্তদের জন্য চমকপ্রদ বিষয় বটে।
কিছুদিন আগে আমির খান জানান, চারটি চিত্রনাট্য রয়েছে তার হাতে। এর মধ্যে দুটি নিয়ে আগ্রহী। আর এ জন্য ফেব্রুয়ারিতে ডায়েট শুরু করবেন। দুই চিত্রনাট্যই স্লিম ফিগার দাবি করে। সে দিক থেকে ‘ফরেস্ট গাম্প’-এর গুঞ্জন একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। আর দেখার বিষয় ‘থাগস অব হিন্দুস্তান’-এর ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেন কিনা।
