আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের মারোয়ান ফেলাইনি। জাতীয় দলের হয়ে আর দেখা যাবে না এই মিডফিল্ডারকে।
শুক্রবার এক টুইটে অবসরের ঘোষণা দেন ফেলাইনি। ৩১ বছর বয়সী এই ফুটবলার বেলজিয়ামের হয়ে গত এক যুগে খেলেছেন ৮৭টি ম্যাচ; করেন ১৮টি গোল। গত বছর রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয়স্থান অর্জনেও বড় ভূমিকা ছিল তার।
অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলাইনি টুইটে লিখেছেন, “আমি মনে করি এটা আমার সরে দাঁড়ানোর এবং বেলজিয়াম ফুটবলের সফল সময়টাকে চালিয়ে নিতে পরবর্তী প্রজন্মকে সুযোগ করে দেওয়ার জন্য উপযুক্ত সময়।”
“দলটির সঙ্গে আমার অসাধারণ সব স্মৃতি...বেলজিয়াম এখন ফিফার র্যাঙ্কিং শীর্ষে, আমি গর্বিত।”
তবে ক্লাব ফুটবলে খেলে যাবেন ফেলাইনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সাড়ে পাঁচ বছর খেলে গত মাসে চাইনিজ সুপার লিগের ক্লাব শ্যানডং লুনেংয়ে নাম লিখেয়েছেন তিনি।
