ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মসজিদে ভোট চেয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি ডাকসু নির্বাচনে ছাত্রলীগের জিএস প্রার্থী ।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দাঁড়িয়ে ছাত্রলীগ প্যানেলকে জয়ী করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এ ছাত্রলীগ নেতা।
ডাকসু নির্বাচনের আচরণ বিধিমালায় নির্বাচনী সভা, সমাবেশ ও শোভাযাত্রা সংশ্লিষ্ট ৫নং বিধির (ছ)-এ বলা আছে, কোনো ধর্মীয় উপাসনালয়ে (যেমন: মসজিদ,মন্দির, গির্জা ইত্যাদি) কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।
গোলাম রাব্বানী ছাত্রলীগ মনোনীত প্যানেলকে জয়ী করার জন্য আহ্বান জানিয়ে মসজিদে বলেছেন, ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে। আপনারা দেখেছেন আমি শিক্ষার্থীবান্ধব কর্মসূচিতে সরব ছিলাম। তাই আপনাদের হয়ে কাজ করার জন্য আগামী ১১ মার্চ ভোট দিয়ে ছাত্রলীগের প্যানেলকে জয়ী করবেন।
এ সময় গোলাম রাব্বানী নিজের ব্যালট নম্বর উল্লেখ করে বলেন, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর কথা বলার সুযোগ করে দিতে আপনারা আমার ব্যালট নম্বর-৩ এ সাধারণ সম্পাদক (জিএস) পদে ভালোবাসার ভোট দেবেন।
এ সময় তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে বলেও জানান।
