চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১২:০৮ পিএম

লক্ষ্মীপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। চকলেটের প্রলোভন দেখিয়ে স্থানীয় যুবক ইমরান ওই শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন পরিবার। ভুক্তভোগী শিশুটিকে শুক্রবার রাতে রক্তাক্ত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে দুপুরে সদর উপজেলার দালালবাজারের আমীরের ওয়ার্কশপের পেছনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমরান চররুহিতা ইউনিয়নের বাসিন্দা।

তিনি দালালবাজারের আমীরের ওয়ার্কশপে কাজ করতো বলে জানা যায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্ত ইমরানকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।

ভিকটিমের মা জানান, সন্তানের লেখাপড়ার সুবিধার্থে দালাল বাজারের আইডিয়াল স্কুলের পাশের বিল্ডিংয়ে ৪ বছর ধরে ভাড়া বাসায় থাকেন তারা। ওই বাসার পাশের আমীরের ওয়ার্কশপে কাজ করে ইমরান।

ঘটনার দিন অন্য শিশুদের দিয়ে ইমরান চকলেট কিনে দেয়ার প্রলোভনে ভিকটিম শিশুটিকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এ সময় ওই ওয়ার্কশপের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার দিয়ে কান্না করতে করতে বাসায় ফিরে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমরান পলাতক রয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে, শিশুটির চিকিৎসা চলছে।

এ ব্যাপারে জানতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত