সার্কাসকে কেন্দ্র করে এক নারীর সংগ্রামের লড়াই নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। আন্তর্জাতিক নারী দিবসে প্রকাশিত হলো চলচ্চিত্রটির ফার্স্টলুক পোস্টার।
শুক্রবার রাতে প্রচার উপকরণটির মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ওই সময় জানান, সিনেমাটির গল্প তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।
পোস্টারে দেখা যায়, সার্কাসের পোশাকে এক ঝাঁক পায়রা উড়িয়ে বিজয়িনীরূপে হাজির জয়া আহসান।
নির্মাতা মাহমুদ দিদার জানান, নারী দিবস উপলক্ষে চলচ্চিত্রটির নাম চরিত্র ‘বিউটি’কেই প্রাধান্য দেওয়া হয়েছে পোস্টারে। যার নকশা করেছেন সোহেল আনাম।
পোস্টারের মোড়ক উন্মোচন করে সেলিনা হোসেন বলেন, “বিউটি সার্কাস’ সিনেমাটির গল্প আমি শুনেছি। এই চলচ্চিত্রটির গল্পটি আমার মনকে ভীষণভাবে নাড়া দিয়েছে। খুবই তাৎপর্যপূর্ণ। নারী প্রতিরোধের জায়গা থেকে এটি একটি সৃজনশীল মনোবিকাশের কাজ হলো পাশাপাশি আমাদের দায়বদ্ধতার বিষয়েও এটা আমাদের স্বপ্নের কাজ হলো। আমি মাহমুদ দিদারসহ এই ফিল্মের সবাইকে শুভেচ্ছা জানাই এই চমৎকার চলচ্চিত্রটি নির্মাণের জন্য।”
সঙ্গে যোগ করেন, “আমার বিশ্বাস ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রটি যারা দেখবেন, এর শিল্পমান তাদের হৃদয়কে আনন্দিত করবে পাশাপাশি এই চলচ্চিত্রের যে অন্তর্গত প্রত্যাশা সেটা সবাইকে আলোকিত করবে।”
সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ চিত্রধারণ শেষে এখন আছে সম্পাদনার টেবিলে। নির্মাতা জানান, যথাযথ সম্পাদনার পর এটি শিগগিরই সেন্সরে জমা দিতে আগ্রহী তিনি।
এর আগে সম্প্রতি মুক্তি পায় বিউটি সার্কাস-এর ফার্স্টলুক টিজার। প্রথম টিজারেই দারুণ সাড়া মিলেছে দর্শকমহলে।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ুন সাধুসহ প্রমুখ।
