মোদির মতো ধর্মান্ধদের কারণে দেশভাগ হয়েছিল: ইমরান খান

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৫:৩১ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ধর্মান্ধ’ আখ্যা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার মতো মানুষদের কারণে ১৯৪৭-এ ধর্মের ভিত্তিতে পৃথক রাষ্ট্র গঠন করতে মুসলমানরা বাধ্য হয়েছিল।

প্রধানমন্ত্রী হওয়ার পর শুক্রবার প্রথমবার ছাচড়ো এলাকায় যান ইমরান খান। সেখানে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। খবর দ্য ডনের।

ইমরান বলেন, ‘১৯৪৭-এ দেশভাগের পূর্ববর্তী সময়ে মোদির মতো মানুষেরাই সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করেছিল। মোদির মতো মানুষের উন্মাদনার কারণেই এখানকার মুসলমানরা পৃথক রাষ্ট্র গঠনের দাবি তুলতে বাধ্য হয়। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক মহাত্মা গান্ধী মোদির মতো ধর্মান্ধদের বিরুদ্ধে দাঁড়িয়েই অনশন করেছেন।’

১৪ ফেব্রুয়ারি ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। মোদি সরকার ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। পাকিস্তান আবার অভিযোগ অস্বীকার করে প্রমাণ চায়।

ইমরান খান এদিন বলেন, ‘পাকিস্তানের মাটি থেকে আর কোনো দেশে জঙ্গি হামলা করতে দেওয়া হবে না।’

মোদিকে দোষারোপ করে তিনি বলেন, ‘পুলওয়ামায় হামলার পর অপরাধীদের শনাক্ত করতে পাকিস্তানের প্রস্তাবে ইতিবাচক সাড়ার পরিবর্তে কাশ্মীরের বাসিন্দাদের জীবন দুর্বিষহ করে ফেলেছে ভারতীয় কর্তৃপক্ষ। ভারত কোনো ধরনের দুর্ভাগ্যজনক পদক্ষেপ নিলে সশস্ত্র বাহিনী এবং পাকিস্তানের জনগণ যথাযথ জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আমরা দুর্বল নই, তবে এখন ভারতের বিরুদ্ধে নয়, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে মনোযোগ দিতে চাই আমরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত