সিরাজগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের ৭ দিনের কারাদণ্ড

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৮:৪৬ পিএম

সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তবাড়ি পৌর এলাকার হাজী আহম্মেদ আলী মাদ্রাসার অধ্যক্ষ সামছুল আলমকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কামিল পরীক্ষায় টিউটোরিয়াল ও ভাইবা পরীক্ষা বাবদ অবৈধ ভাবে অতিরিক্ত ৬০০ টাকা ফি আদায় করার দায়ে তাকে এই দণ্ড দেওয়া হয়।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান এ কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের পেশকার আব্দুস সাত্তার জানান, এ মাদ্রাসার কামিল পরীক্ষার টিউটোরিয়াল ও ভাইবা পরীক্ষার জন্য আব্দুল আলীম নামে কামিল পরীক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা অতিরিক্ত ফি আদায় করার সময় হাতেনাতে অধ্যক্ষকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।

পেশকার আরও জানান, ওই পরীক্ষায় ৫০০ জন পরীক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা করে সর্বমোট তিন লক্ষ টাকা অতিরিক্ত আদায়ের টার্গেট নেয় অধ্যক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এছাড়াও ওই অধ্যক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত