স্টেশনের সার্বিক কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১০:৫৯ পিএম

চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী আলমডাঙ্গা রেলস্টেশনের সার্বিক কার্যক্রম আবার চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আলমডাঙ্গা উপজেলার কয়েক হাজার মানুষ অংশ নেন। আলমডাঙ্গা স্টেশন রক্ষা সংগ্রাম কমিটির আহ্বানে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ১৫ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে আলমডাঙ্গা স্টেশনের সার্বিক কার্যক্রম আবার চালু না হলে রেলপথ, রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দেওয়া হয়।

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে স্টেশন চত্বরে সমবেত হতে থাকেন আলমডাঙ্গা উপজেলার হাজারো সাধারণ মানুষ। মানববন্ধনে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

আলমডাঙ্গা স্টেশন রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গণু, বণিক সমিতির সভাপতি লিয়াকত আলী লিপু, সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম, স্টেশন রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক লিমন মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার সুলতান জোয়ার্দ্দার ও শেখ নূর মোহাম্মদ জকু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত