রংপুরে মোবাইল ফোনে কথা-কাটাকাটি ও এসএমএস দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিজান নামে কলেজ পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার রাতে নগরের ৩৩ নম্বর ওয়ার্ডের রঘুবাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এঘটনায় হামলাকারী দুই যুবককে মোটরসাইকেল ও ছুরিসহ আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- রবিউল ইসলাম ও রাজু মিয়া।
নিহত মিজান আজিজুল্লাহ্ শাহাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। সে রংপুর সিটি বিএম কলেজের ছাত্র। আহতদের মধ্যে শুভ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, আজিজুল্লাহ রঘুবাজারে সন্ধ্যার দিকে মোবাইলে কথা বলা ও এসএমএম দেওয়াকে কেন্দ্র করে মেজবা, মিজান ও শুভদের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার যুবক রবিউল ও রাজুসহ তাদের সঙ্গীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় রবিউল ও রাজুর এলোপাতাড়ি ছুরিকাঘাতে মিজান ও শুভ গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নেওয়ার সময় মিজান মারা যায়।
স্থানীয় কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ জানান, আরাজি তামপাটের জাহাঙ্গীর আলমের ছেলে রবিউল ইসলাম রাজু এবং কাইদাহারা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রাজু মিয়া মোবাইল ফোনে কথা বলা ও ম্যাসেজ দেওয়ার বিরোধ থেকে আজিজুল্লাহ শাহাপাড়ার মেজবাহ, মিজান ও শুভদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ছুরিকাঘাতে মিজান নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাহিগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান জানান, রঘুবাজারে সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় রবিউল ও রাজু নামে দুই যুবককে ছুরি ও মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। এখনো ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।
