ভারতে নির্বাচন শুরু ১১ এপ্রিল, ফল ঘোষণা ২৩ মে

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০৭:০৬ পিএম

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করলো নির্বাচন কমিশন। ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১২ মে পর্যন্ত সাত দফায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৩ মে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, রবিবার বিকেল পাঁচটায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে প্রধান দপ্তরে প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা লোকসভা নির্বাচনের এ দিনক্ষণ ঘোষণা করেন।

তিনি জানান, সাত দফায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১১ এপ্রিল থেকে শুরু হবে এবং শেষ হবে ১২ মে আর নির্বাচনের ফল ঘোষণা করা হবে ২৩ মে। ১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “সপ্তদশ লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আজ থেকেই নির্বাচনের আচরণবিধি চালু হচ্ছে।”

প্রায় ৯০ কোটি ভোটার এবারের নির্বাচনে ভোট দেবেন। এই লোকসভা নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা প্রায় দেড় কোটি বলে তিনি জানান।

সুনীল অরোরা আরও জানান, সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।

কমিশন জানায়, এতে ইভিএম মেশিনে প্রার্থীর ছবি থাকবে। নির্বাচন কমিশনের হেল্পলাইন নম্বর ছাড়াও সব কেন্দ্রে থাকবে ভি ভি প্যাট মেশিন। ভোটাররা ভোট দেওয়ার পর এই যন্ত্রের মাধ্যমে বুঝে নিতে পারবেন তাদের ভোট সঠিক জায়গায় পড়েছে কিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত