হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিস্তল বহনের অভিযোগে আটক হয়েছেন যশোরের ঝিকরগাছার আওয়ামী লীগ নেতা মেহেদি মাসুদ চৌধুরী।
বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক উইং কমান্ডার নুরে আলম সিদ্দিক দেশ রূপান্তরকে বলেন, সোমবার বিকেল ৪টায় মেহেদি মাসুদ চৌধুরী ও তার বাবা আবুল কাশেম চৌধুরী যশোর যাওয়ার উদ্দেশে শাহজালাল বিমানবন্দরে আসেন। এ সময় স্ক্যানারে মেহেদি মাসুদের ব্যাগে পিস্তল আছে বলে ধরা পড়ে।
তিনি জানান, তার কাছে জার্মানির তৈরি একটি পিস্তল ও নয় রাউন্ড গুলি পাওয়া গেছে।
তিনি আরো জানান, এ ঘটনার পর মেহেদি মাসুদ চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি 'সরি' বলেন। তবে কেন তিনি আগাম ঘোষণা ছাড়া পিস্তল নিয়ে বিমানবন্দরে এসেছিলেন তার সদুত্তর দিতে পারেননি।
এরপর মেহেদি মাসুদকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয় বলে নুরে আলম জানান। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে খেলনা পিস্তল দিয়ে বিমান ছিনতাইয়ের চেষ্টা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পিস্তল তল্লাশিতে ধরতে না পারার ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে।
সর্বশেষ শুক্রবার মোহাম্মদ মামুন আলীর শরীর তল্লাশি করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা পিস্তল খুঁজে না পাওয়ার ঘটনাও আলোচনায় আসে।
