ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বেশ কয়েকটি হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের দিয়ে ভোটের নকল লাইন সাজানোর অভিযোগ উঠেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুহাম্মদ শহীদুল্লাহ, জিয়াউর রহমান, স্যার সলিমুল্লাহ, বিজয় একাত্তর, হাজী মুহম্মদ মহসীন ও স্যার এফ রহমান হল ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, বেশিরভাগ হলের গণরুম ও বারান্দায় থাকা প্রথম বর্ষের শিক্ষার্থীদের সকাল সাড়ে ৭টা থেকেই লাইনে দাঁড় করিয়ে রাখেন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
তারা জানান, কৃত্রিম জটলা সৃষ্টি করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন অনাবাসিক ও অপরিচিত সাধারণ শিক্ষার্থীদের।
তারা জানান, যেসব ভোটার ছাত্রলীগের বিপক্ষে যাওয়ার শঙ্কা ছিল তাদেরই মূলত আটকানোর কৌশল হিসেবে নকল লাইন করা হয়।
এভাবে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রথম বর্ষের শিক্ষার্থীদের ব্যবহার করে নকল ভোটার লাইন তৈরি করা হয় বলে তারা অভিযোগ করেন।
এছাড়া হলের বাহির থেকে বুথ পর্যন্ত বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে অবস্থান নেন। নতুন কাউকে দেখলেই দফায় দফায় জেরা করেন। জেরার মুখে তাদের অনুকুলে মনে হলে লাইনে দাঁড়ানোর অনুমতি দেন অন্যথায় হলের বাইরে থেকেই ফিরিয়ে দেন বলে শিক্ষার্থীরা জানান।
