রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে এক শ্রমিক নিহত ও দুই শ্রমিক আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে কোনাপাড়া শাহজালাল রোডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম শরিফ (২০)। আহতরা হলেন আজিম (২২) ও রাসেল (৩০)।
শরিফের সহকর্মী মো. শাকিল জানান, বিদ্যুতের তারে জড়িয়ে যাওয়ার পর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে সন্ধ্যায় শরিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বাড়ি ভোলা চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামে। বাবার নাম জাহাঙ্গীর হোসেন। ৮-১০ দিন আগে শরিফ শ্রমিক হিসেবে কাজে যোগ দেন। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য শরিফের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত আজিম ও রাসেল হাসপাতালে চিকিৎসাধীন।
