ব্রিটিশ ও পাকিস্তানিদের অনাচার থেকে স্বাধীন বাংলাদেশ গঠন হলেও তাদের করা ৩৭৮ টি আইন এখনো বলবৎ আছে। তবে এসব আইন সংস্কারে কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর কালে এসব তথ্য জানান তিনি। এ ছাড়া দেশের আদালতগুলোতে ৩৫ লাখ ৬৯ হাজার ৭৫০ টি বিচারাধীন মামলা আছে বলে আরেক প্রশ্নের জবাবে জানিয়েছেন আনিসুল হক।
আইনমন্ত্রীর দেওয়া তালিকায় দেখা গেছে, সর্ব পুরোনো আইনটি ১৭৯৯ সালের, দ্যা উইলস অ্যান্ড ইন্সটেন্সি রেগুলেশন। সর্বশেষ আইনটি ১৯৭০ সালের, দ্যা গভর্নমেন্ট এন্ড লোকাল অথোরিটি ল্যান্ডস বিল্ডিং অরডিন্যান্স।
আইনমন্ত্রী জানান, স্বাধীনতার পর সংবিধানের ১৪৯ অনুচ্ছেদের মাধ্যমে এ আইনগুলোকে হেফাজত করা হয়। ১৯৭৩ সালে বাংলাদেশ লজ (রিভিশন অ্যান্ড ডিকলারেশন) প্রণয়নের মাধ্যমে স্বাধীনতাপূর্ব আইনগুলোকে প্রয়োজনীয় সংশোধন ও অভিযোজনপূর্বক বহাল রাখা হয়েছে।
প্রচলিত আইনের সংস্কার, সংশোধন ও আধুনিকীকরণ চলমান প্রক্রিয়া উল্লেখ করে আনিসুল হক বলেন, বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে প্রচলিত আইনের সংস্কার, সংশোধন ও আধুনিকীকরণ হয়ে থাকে। এ লক্ষ্যে অচল আইনগুলো বাতিল, প্রচলিত আইনগুলো পরীক্ষা-নিরীক্ষা ও তার যুগোপযোগী সংস্কার, ক্ষেত্র মতে নতুন আইন প্রণয়ন করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা আইন কমিশন আইন সংশোধন বা বাতিল করে নতুন আইন প্রণয়নের সুপারিশ করলে সরকার সে ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা দুই লাখ ৯৪ হাজার ৪০৮টি বলে অপর আরেক প্রশ্নের জবাবে জানিয়েছেন আনিসুল হক।
