কেটে গেছে ২৩ বছর। রয়ে গেছে একটি চিরকুট। যেখানে প্রয়াত লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদ প্রিয় মানুষটিকে বলেছিলেন, তার মন খারাপ। কিছুই ভালো লাগছে না।
১৯৯৬ সালের ১২ মার্চে চিরকুটটি মেহের আফরোজ শাওনকে লেখেন হুমায়ূন। ২৩ বছর পর একই দিনে লেখাটি প্রকাশ করলেন এ অভিনেত্রী-গায়িকা।
শাওনের প্রকাশ করা চিঠিতে লেখা আছে, “শাওন, আমার কিছু ভালো লাগছে না। খুব মন খারাপ। তুমি আমার মন ভালো করে দাও।” এর নিচে নিজের নাম ও তারিখ লেখেন ‘চন্দ্র কারিগর’।
চিরকুটের ছবি পোস্ট করে শাওন লেখেন, “মোর হাতখানি ধরে কহিলে- ‘হায়! মন দিয়ে মন ভোলা কি যায়? কাঁদিবে আকাশ মোর ব্যথায় বাদল ঝরে প্রিয়…’ মনে কি পড়ে প্রিয়?”
প্রথম স্ত্রী গুলতেকিন খানের সঙ্গে ছাড়াছাড়ির পর ২০০৫ সালে শাওনকে বিয়ে করেন হুমায়ূন। তাদের দুই সন্তান নিষাদ ও নিনিত।
