যবিপ্রবিতে শর্তসাপেক্ষে ক্লাস-পরীক্ষায় ফিরলেন শিক্ষকরা

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০১:০৮ পিএম

শর্তসাপেক্ষে মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষায় ফিরেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকরা। গত ১২ জানুয়ারি থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছিলেন তারা।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ ও সাধারণ সম্পাদক ড.নাজমুল হাসান একথা জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রিজেন্ট বোর্ডের সদস্যরা রেজিস্ট্রার কর্তৃক গত ৪ মার্চ প্রেরিত চিঠির মাধ্যমে পুনঃঅনুরোধ ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিলে তারা সোমবার এক সভায় মঙ্গলবার থেকে সকল প্রকার একাডেমিক কার্যক্রম চালু থাকবে বলে সিদ্ধান্ত নেন।

তবে আগামী রিজেন্ট বোর্ডের সভায় ন্যায়বিচার না পেলে মে মাসে অনুষ্ঠিত সেমিস্টার ফাইনাল পরীক্ষাসহ সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের সভায় তাদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ন্যায়বিচার পাননি দাবি করে নতুন করে কর্মসূচি দেয় শিক্ষক সমিতি।

ক্লাস-পরীক্ষা বর্জনের সঙ্গে সঙ্গে ২৩ ফেব্রুয়ারি একযোগে ২০টি বিভাগের চেয়ারম্যানরা উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। যদিও তা যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় গৃহীত হয়নি বলে জানান উপাচার্য প্রফেসর আনোয়ার হোসেন।

এরপর গত ৪ মার্চ রেজিস্ট্রারের দপ্তর থেকে শিক্ষকদের ক্লাসে ফেরার অনুরোধ ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়ে চিঠি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের র‌্যাগিংবিরোধী প্রচারণায় ছাত্রলীগ নেত্রী হুমায়রা আজমিরি এরিন ও তার অনুসারীদের বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই মাস ধরে একাডেমিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে যবিপ্রবিতে।

এ ঘটনায় এরিনের পক্ষে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক আনোয়ার হোসেন বিপুল শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবির জাহিদকে মোবাইল ফোনে হুমকি দিলে ক্ষুব্ধ হন শিক্ষকরা।

গত ৯ জানুয়ারি হুমকির প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধনে ওই শিক্ষার্থীরা হামলা করলে ১২ জানুয়ারি থেকে ক্লাস বর্জন করে আসছিলেন শিক্ষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত