নুরের সঙ্গে ছাত্রলীগ সভাপতির কোলাকুলি, কর্মসূচি প্রত্যাহার

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৪:৪০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে অভিনন্দন জানিয়েছে ছাত্রলীগ। এসময় তার সঙ্গে কোলাকুলি করেন নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হওয়া ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

মঙ্গলবার বিকেল ৪টার পর শোভনের নেতৃত্বে ডাকসুর নবনির্বাচিত ভিপিকে অভিনন্দন জানাতে ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসির অডিটোরিয়ামে যায় ছাত্রলীগ প্রতিনিধি দল।

এসময় নুর সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী একটি আদর্শ ক্যাম্পাস গড়ে তুলতে পরস্পরের সহযোগিতা প্রয়োজন। শোভন ভাই বলেছেন, সহযোগিতা করবেন।”

পুনর্নির্বাচনের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনে বস্তাভর্তি ব্যালট পাওয়াসহ বেশকিছু অনিয়মের ঘটনা ঘটেছে। ২৮ বছর পর নির্বাচন হয়েছে। আমরা যে নির্বাচন আশা করেছি, সেটা হয়নি। যেহেতু অনেক প্যানেল নির্বাচন করেছে। তাই আমি চাইব- বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি পুনর্বিবেচনা করবে।”

এসময় ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে নবনির্বাচিত ভিপি বলেন, “আমি দুপুরে নির্বাচিত ভিপি হিসেবে ক্যাম্পাসে আসলে আমার ওপর হামলা হয়। ছাত্রলীগ হামলা করে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর এবং ছাত্রলীগ সভাপতি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন, আমি হামলার ঘটনায় ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করলাম।”

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে ভিপি ও সমাজসেবা পদ ছাড়া বাকি সব (২৩টি) পদে নতুন করে নির্বাচনের দাবি করেন তিনি।

একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং পুনর্নির্বাচনের দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন নবনির্বাচিত ভিপি।

দুপুর ২টার দিকে টিএসসি অডিটোরিয়ামের সামনে নুরের ওপর হামলার চেষ্টা চালায় ছাত্রলীগ। হামলাচেষ্টার পরই প্রগতিশীল ছাত্রজোটসহ সবাই এক হয়ে নুরের নেতৃত্বে ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত