১২ এপ্রিল থেকে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধের হুমকি

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০৪:২৪ পিএম

বিদেশি ছবি আমদানির ক্ষেত্রে নীতিমালা সহজ ও দেশীয় ছবি নির্মাণ বাড়ানোর বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত ও উদ্যোগ না নিলে ১২ এপ্রিল থেকে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন এ সিদ্ধান্ত নেন প্রদর্শক সমিতির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন- সমিতির উপদেষ্টা সুদিপ্ত কুমার দাস, মিয়া আলাউদ্দিন, সভাপতি ইফতেখার নওশাদ প্রমুখ। 

এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে উল্লেখ করে সম্মেলনে বক্তারা জানান, তারপরও সুনির্দিষ্টভাবে সিনেমা হলগুলোকে বাঁচানোর, দেশের ছবির উৎপাদন বাড়ানোর এবং উপমহাদেশের ছবি আমদানির বাঁধাগুলো অপসারণে কোনো কার্যকর পথ নির্দেশ না দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়া সমিতির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে সিনেমা হলের সংখ্যা ১ হাজার ২৩৫ থেমে নেমে ১৭৪ এ এসে দাঁড়িয়েছে। দেশের ছবি নির্মাণের সংখ্যা বছরে ৩৫ থেকে ৪০-এ এসে ঠেকেছে। সিনেমা হলের সঙ্গে জড়িত ৫০ হাজার শ্রমিক বেকার হয়ে আছে। প্রতিনিয়ত বাড়ছে হল ভাড়া, বিদ্যুৎ বিল। চলচ্চিত্রের বাজার নষ্ট হচ্ছে। নতুন বিনিয়োগ ও মেধা সম্পন্ন নির্মাতা আসছে না। সিনেমা হলগুলো লোকসানের সম্মুখীন হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যখন থেকে ছবি আমদানি করা হচ্ছে তখন থেকে প্রদর্শক সমিতিকে আশ্বাস দেওয়া হচ্ছে, ভালো নির্মাতা আসছেন, দেশের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। কিন্তু তা হয়নি। ছবি আমদানি করা হলে পরিচালক-শিল্পীদের রোজগার কমে যাবে এমন অজুহাত দেওয়া হচ্ছে।

প্রদর্শক সমিতি এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আগামী ১২ এপ্রিল থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সব প্রেক্ষাগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকার আমলে নেওয়ার আগ পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত