ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) সদ্য নির্বাচিত ভিপি নুরুল হক নুরের নামে ক্যাম্পাসের একটি জায়গার নাম হয়েছে 'নুর চত্বর'।
কোটা আন্দোলনের মধ্য দিয়ে আলেঅচনায় আসা এ নেতা গত সোমবার ডাকসুর ভোটে ভিপি নির্বাচিত হন। এরপর বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের গাছে নুর চত্বর লেখা সাইনবোর্ড দেখা যায়।
২০১৮ সালের ৩০ জুন কোটা সংস্কার আন্দোলনের সময় সংবাদ সম্মেলন করতে এলে নুরের ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
হামলা থেকে রেহাই পেতে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক জাবেদ আহমদের পা ধরে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে।
ওই ঘটনার পর দিনই ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনের চত্বরটির নামকরণ হয় ‘নুর চত্বর’।
সেখানে লেখা ছিল ‘ন্যায়ের সংগ্রামের আপসহীন যোদ্ধা, সারা বাংলার ছাত্র সমাজের অবিসংবাদিত নেতা নুরুল হক নুর এক মহান ছাত্র নেতা।’
পরবর্তীতে কে বা কারা সাইনবোর্ডটি সরিয়ে দেয়। বুধবার একই স্থানে আবার সাইনবোর্ডটি দেখা যায়।
