মিরসরাইয়ে খাম্বা দেখিয়ে দুই বছর

বিদ্যুৎ পায়নি ত্রিপুরাপাড়ার দুই শতাধিক পরিবার

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১২:৩৮ এএম

খাম্বা (বৈদ্যুতিক খুঁটি) ও সরবরাহ লাইন টানা হয়েছে দুই বছর আগে। ঘরে ঘরে ওয়ারিং সম্পন্ন। তবুও সংযোগ পাচ্ছে না মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের পাহাড়ি এলাকা মধ্যম তালবাড়িয়া করেরহাট ইউনিয়নের সাইবেনীখিল ত্রিপুরাপাড়ার দুই শতাধিক পরিবার। বন বিভাগের স্থানীয় কার্যালয়ের বাধার মুখে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। সাইবেনীখিল ত্রিপুরাপাড়ার ঊষা ত্রিপুরা, হরি ত্রিপুরা, রামপ্রসাদ ত্রিপুরা ও দয়াল ত্রিপুরা জানান, সরকারি সব নিয়ম মেনে তারা বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন। এরপর বিদ্যুতায়নের লক্ষ্যে খাম্বা স্থাপন করে সরবরাহ লাইন টানা হয়। কিন্তু পরে পল্লীবিদ্যুৎ কর্র্তৃপক্ষ জানায়, বন বিভাগের আপত্তি থাকায় সংযোগ দেওয়া যাচ্ছে না। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। সেই থেকে দুই বছর হয়েছে। কিন্তু অপেক্ষার পালা আর শেষ হচ্ছে না।

ওই পাড়ার বাসিন্দারা জানায়, স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নির্দেশ দেওয়ার পরও এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেয়নি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩।

বন বিভাগ কর্র্তৃপক্ষের দাবি, বন বিভাগের জায়গায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের বন পাহারা ও সংরক্ষণের জন্য বসতি গড়ে তোলার অনুমতি দেওয়া হয়। তবে প্রায় শতবছর ধরে ত্রিপুরা নৃগোষ্ঠীর মানুষরা এখানে বসবাস করে আসছে। মিরসরাই মধ্যম তালবাড়িয়া ত্রিপুরাপাড়ার রোয়াজা (গ্রামপ্রধান) সুরেশ ত্রিপুরা জানান, পল্লী বিদ্যুতের খুঁটি বসানোর পরও বন বিভাগের বাধার মুখে এ পাড়ার শতাধিক পরিবার বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি সরকারের কাছে আবেদন জানান যেন দ্রুত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়।

করেরহাট বন বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা হাছানুর রহমান বলেন, ওই ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা বন বিভাগের জায়গা দখল করে আছে। তারা বন বিভাগের ‘ভিলেজার’ হিসেবে বনায়ন ও সংরক্ষণ কাজে সহায়তা করত। তবে তিনি জানান, ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের নির্দেশ পেলে বিদ্যুতায়ন করতে দেওয়া হবে। এসব বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মহাব্যবস্থাপক (জিএম) শাহ জুলফিকার হায়দার জানান, সম্প্রতি এ বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।  তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওই পাড়াগুলোতে বিদ্যুৎ সংযোগ না দিলে প্রধানমন্ত্রী ঘোষিত শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত