সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের ছেলে তৈমুরের সব খবরই থাকে আলোচনার কেন্দ্রে। এই স্টার কিডস বাড়ি থেকে বেরোলে চিত্রশিকারীদের ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠে। সঙ্গে থাকা আয়া সাবিত্রীও বাদ পড়েন না।
কয়েক মাস আগে খবরের শিরোনাম হন সাবিত্রী। বিশেষ সূত্রে বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, তৈমুরের আয়ার বেতন ভারতের অনেক আমলার থেকেও বেশি। তাকে প্রতি মাসে দেওয়া হয় দেড় লাখ রুপি।
সম্প্রতি, টক শো ‘পিঞ্চ বাই আরবাজ’-এ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে কারিনা বেশ বিরক্ত হন।
সঞ্চালক আরবাজ খান বলেন, তৈমুরের আয়ার বেতন নাকি অনেক আমলার চেয়েও বেশি? কারিনা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “তাই নাকি? কী করে যে লোকে এসব জানতে পারে বুঝি না। কারোর এ বিষয়ে প্রশ্ন থাকে মন্ত্রিসভায় গিয়ে করুন। আমার সন্তান কীভাবে ভালো থাকবে, সুরক্ষিত থাকবে- এর ওপরে অন্য কিছুর দাম নেই আমার কাছে। সন্তান ভালো থাকবে সেটাই শেষ কথা। উনি আমার ছেলেকে সব সময় দেখেন, তাকে বেতন দেওয়া আমার কর্তব্য।”
শোনা যায়, মুম্বাইয়ের জুহুর একটি সংস্থার মাধ্যমে সাবিত্রীকে চাকরি দেন কারিনা। একই সংস্থার থেকে আয়া নিয়োগ দিয়েছেন সোহা আলী খান ও তুষার কাপুরসহ অনেক তারকা।
আরবাজ একপর্যায়ে বলেন, কারিনা যেহেতু সোশ্যাল মিডিয়ায় নেই তাই হয়তো অনেক কিছুই তার নজর এড়িয়ে যাচ্ছে। তৈমুর কী করছে না করছে সব সময় সোশ্যাল মিডিয়ায় সবাই উঁকিঝুঁকি মারছে।
এর উত্তরে কারিনা বলেন, “আমার মনে হয় না এটা উঁকিঝুঁকি মারা মনে হয় কেউ এই তথ্য জানিয়ে দিচ্ছে। আমার ব্যক্তিগত বিষয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা আমি পছন্দ করি না।”
এ নায়িকাকে সর্বশেষ দেখা গেছে ‘ভিরে ডি ওয়েডিং’ সিনেমায়। সামনে আসছে অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’।
