কোমল পানীয় কোকাকোলার বোতলের লেবেলে বাংলা ভাষাকে বিকৃত করে অশালীন শব্দ ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কোকাকোলা কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সম্পর্কিত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
বাংলাদেশে কোকাকোলার উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজ লিমিটেড, আইন সচিব ও তথ্য সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সম্প্রতি কোকাকোলার পানীয় বোতলের লেবেলে বাংলা ভাষার কিছু অর্থপূর্ণ শব্দকে বিকৃতভাবে ব্যবহার ও বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান রানা।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
