সাইফউদ্দিন-মাশরাফীতে ম্লান ইয়াসিরের সেঞ্চুরি

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৮:৪৭ পিএম

দারুণ সেঞ্চুরিতেও দলের হার এড়াতে পারলেন না ইয়াসির আলি। অন্যদের ব্যর্থতায় বৃথা গেছে ব্রাদার্স ইউনিয়নের এই ব্যাটারের লড়াই। দিনটা সেখানে নিজেদের করে নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও সাইফউদ্দিনরা। এই দুইয়ের নৈপুণ্যে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে আবাহনী।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বৃহস্পতিবার ব্রাদার্সকে ১৪ রানে হারায় আবাহনী। আগে ব্যাট করে ৬ উইকেটে ২৩৬ রান করেছিল আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। জবাবে ৮ উইকেটে ২২২ রানে থামে ব্রাদার্সের ইনিংস।

আবাহনীর ২৩৬ রানের পুঁজি গড়তে বড় অবদান মাশরাফী বিন মোর্ত্তজা ও মোহাম্মদ সাইফউদ্দিন জুটির। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৬২ রান যোগ করেন এই দুজন। সাইফউদ্দিন ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কায় করেন ৫৯ রান। মাশরাফী ১৫ বলে ১ ছক্কা ও ৩ চারে করেন ২৬ রান।

নিউজিল্যান্ড সফরের পর ছুটি কাটাতে দেশের বাইরে গিয়েছিলেন মাশরাফী। দেশে ফিরে এই প্রথম তিনি মাঠে নেমেছিলেন এদিন। তবে আবাহনীর নেতৃত্ব ছিল মোসাদ্দেক হোসেনের কাঁধে। অধিনায়ক ৯৫ বলে ৫৪ রান করে ৩ চারে। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত ৭২ বলে করেন ৪৪ রান।

ব্রাদার্সের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান ও নাঈম ইসলাম জুনিয়র।

জবাব দিতে নেমে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ব্রাদার্স। সেই দলটাকে একা টানলেন ইয়াসির। কিন্তু পারেননি জয় এনে দিতে। ১১২ বলে ৮ চার ও ২ ছক্কায় অপরাজিত ১০৬ রান করেন তিনি। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। শরিফুল্লাহর ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও আলো কাড়েন মাশরাফী। নিয়েছেন ২ উইকেট। একটি রানআউটও করেছেন। জোড়া উইকেট নেন সাব্বির রহমানও। ১টি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন ও সানজামুল ইসলাম। ম্যাচ সেরা হয়েছেন সাইফউদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত