সৌদিকে সামরিক সমর্থন বন্ধে কংগ্রেসে বিল পাস

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১১:০২ পিএম

ইয়েমেনে যুদ্ধের ময়দানে সৌদি আরবকে সামরিক সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি বিল পাস হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। কংগ্রেসে সহায়তা বন্ধের পক্ষে ৫৪ জন সিনেটর ভোট দিলেও এর বিপরীতে ৪৬ জন ভোট দেয়। তবে কংগ্রেসে বিলটি পাস হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন লাগবে। আর ট্রাম্প সৌদি আরবকে সহায়তা করতে এই বিলে ভেটো দিতে পারেন বলে জানা যায়।

সিনেটর বার্নি স্যান্ডার্স বিল সম্পর্কে বলেন, ‘ইয়েমেনের ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে আমাদের সামনে একটি সুযোগ উপস্থিত হয়েছে। বিশ্বের দরিদ্র একটি দেশের মানুষ অনেক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে।’ অপর সিনেটর ক্রিস মার্ফি বলেন, ‘ইয়েমেনে কেন কলেরা মহামারী আকার ধারণ করেছে তা আর গোপন কিছু নয়। সৌদি আরব ইয়েমেনের পানিনিষ্কাশন অবকাঠামোতে বোমা নিক্ষেপ করেছে। এখন আর সেখানে কোনো পানিই পরিষ্কার নেই।’

বিভিন্ন দাতব্য সংস্থার পরিসংখ্যান মতে, ইয়েমেনে যুদ্ধে এখন পর্যন্ত ৬০ হাজার বেসামরিকের মৃত্যু হয়েছে এবং ৮৫ হাজার শিশু খাবার না পেয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। অবিলম্বে ওই শিশুদের জন্য ত্রাণসহায়তা পৌঁছানো না গেলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কংগ্রেস এই বিলটি প্রতিনিধি পরিষদে পাঠিয়েছে অনুমোদনের জন্য। এর আগে গত ফেব্রুয়ারির ১৩ তারিখে বিলটি অনুমোদনের পক্ষে প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছিল, ওই ভোটে বিলের পক্ষে ২৪৮ এবং বিপক্ষে ১৭৭ ভোট পড়ে। ওয়্যার পাওয়ার্স অ্যাক্ট ১৯৭৩-এর আওতায় এই বিলটি উত্থাপন করা হয়েছে। ভিয়েতনাম যুদ্ধের সময়ে করা এই আইন কংগ্রেসকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ক্ষমতার ওপর কর্র্তৃত্ব করার অধিকার দেয়।

এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিলে ভেটোর হুমকি দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান, ইরানকে চাপে রাখতে এবং আঞ্চলিক দ্বন্দ্বে সৌদি আরবকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের সব পদক্ষেপ গ্রহণের পথ খোলা রাখতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত