নিউ জিল্যান্ডে একাধিক মসজিদে সন্ত্রাসী হামলা, বহু নিহত

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০৯:৩৩ এএম

নিউ জিল্যান্ডের একাধিক মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে বহু হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্রাইস্টচার্চে হেগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদেও হামলার ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা।

শুক্রবার স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরুর ঠিক ১০ মিনিট পর আল-নুর মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুকধারীরা গুলি চালায়।

ক্রাইস্টচার্চে স্ট্রিকল্যান্ডে গাড়িবোমা হামলার খবরও পাওয়া গেছে। এখন পর্যন্ত তিনজন বন্দুকধারীর কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এসব হামলায় কমপক্ষে নয়জন থেকে ২৭ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

নিউ জিল্যান্ড হেরাল্ড জানায়, অন্তত দুজন বন্দুকধারী মুসল্লিদের ওপর গুলি চালায়।

ক্রাইস্টচার্চের কেন্দ্রীয় এলাকায় সবাইকে ঘরে থাকতে বলেছে পুলিশ। কারও মধ্যে অস্বাভাবিক আচরণ বা সন্দেহজনক কাউকে দেখলে পুলিশকে জানাতে বলা হয়েছে।

পুলিশ নিশ্চিত করেছে, ক্রাইস্টচার্চের সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী লিনউডের মসজিদেও সশস্ত্র পুলিশ অবস্থান নিয়েছে।

হামলার সময় ডিনস অ্যাভিনিউর আল নুর মসজিদে ২০০ মানুষ ছিল।

জরুরি কারণ ছাড়া ক্রাইস্টচার্চ হাসপাতালে যেতে নিষেধ করেছে পুলিশ। বিকেল পর্যন্ত সব ধরনের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। হাসপাতালের কোনো স্টাফ ও রোগী ভবনে প্রবেশ এবং সেখান থেকে বের হতে পারবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত