কখন আমরা দুই ধরনের হামলাকেই ‘সন্ত্রাসী হামলা’ বলব?

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০২:৫৪ পিএম

নিউ জিল্যান্ডের দুটি মসজিদে জুমার নামাজরত মুসল্লিদের ওপরে বন্দুকধারীর গুলিতে এখন পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪৯ জন। নিহতদের মধ্যে রয়েছেন দুই বাংলাদেশিও। কয়েকজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে।

ক্রাইস্টচার্চে একাধিক মসজিদে এ হামলা চালানো হয়। ডিনস অ্যাভিনিউর আল নুর মসজিদে ঢুকে ভিডিও গেমসের মতো নির্বিচারে গুলি করতে থাকে এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সন্ত্রাসী। মৃত্যু নিশ্চিত করতে মুসল্লিদের ওপর একের পর এক গুলি চালিয়ে যায় সে।

এ ঘটনায় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বলেন, “যখন একজন খ্রিস্টান ‘হোয়াইট সুপ্রিমেসিস্ট তথা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী’ মসজিদে ঢুকে হামলা চালায় এবং মানুষ হত্যা করে তখন পশ্চিমা মিডিয়া লিখে ‘মাস শুটিং বা নির্বিচারে গুলি’।”

“আর যখন একজন মুসলিম হামলা চালায় এবং মানুষ হত্যা করে তখন প্রতিবেদন করা হয় ‘টেররিজম বা সন্ত্রাসবাদ’।”

তিনি পশ্চিমা মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কখন আমরা দুই ধরনের হামলাকেই ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করব? তোমরা কি কখনো ভেবেছ যে, তোমাদের এ পক্ষপাতিত্ব বিশ্বব্যাপী (মুসলমানদের প্রতি) ঘৃণা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে?”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত