আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারে আগুন

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০৩:৩৫ পিএম

আশুলিয়ায় একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে পুরো গাড়িটি পুড়ে গেলেও গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকাল সাড়ে ৫ টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়া বেড়িবাঁধ ব্রিজের ওপর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় গাড়িতে আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে জ্বলন্ত প্রাইভেটকারের আগুন নির্বাপণ করা হলেও ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি জানান, প্রাইভেট কারটি আশুলিয়া থেকে ঢাকা যাওয়ার পথে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত না হওয়া বড় ধরনের দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়া গেছে। এছাড়া প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি এই কর্মকর্তা।

এদিকে সড়কের মাঝখানে চলন্ত গাড়িতে আগুন ধরে যাওয়ার ঘটনায় ব্যস্ততম সড়কটিতে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার পর পুলিশ রেকার দিয়ে গাড়িটি সরিয়ে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইদুর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে প্রাইভেটকারটিতে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর চালক বা যাত্রী না থাকায় সঠিক কি হয়েছিল এখনো তা পরিষ্কার নয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত